হুগলিতে দিনদুপুরে ঘটে গেল ব্যাংক ডাকাতি

জেলা

HNExpress নিজস্ব প্রতিনিধি, হুগলি : পুজোর মুখে ঘটে গেল ব্যাংক ডাকাতি। দিনদুপুরে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ার কামারপাড়ার একটি বেসরকারি ব্যাংকে। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কামারপাড়ার ওই ব্যাংকে সাতজন হেলমেট ও চশমা পরা অবস্থায় ঢুকে পড়ে। এরপর কোষাধ্যক্ষকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট করে। পুলিশ সূত্রে জানা গেছে প্রায় দু’লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা। যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে পালায় দুষ্কৃতীরা। ব্যাংককর্মীদের মোবাইলও নিয়ে যায়। দুষ্কৃতীদের চারজনের কাছে আগ্নেয়াস্ত্র ও বোমা ছিল। যাওয়ার সময় গ্রাহকদের একটি ঘরে আটকে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।