হিমাঙ্কের নীচে হিমাচল

দেশ

HNExpress ওয়েব ডেস্ক : হিমাচলে তুষারপাত। বেশ কিছুদিন ধরে ভারী তুষারপাতের জেরে বিপর্যস্ত হিমাচলপ্রদেশের জীবনযাত্রা। অক্টোবরেই লাহুল-স্পিতি উপত্যকার তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। ছাত্রু এলাকায় সম্পূর্ণ জমে গিয়েছে চন্দ্রা নদী। রাস্তার উপরেও পুরু বরফের স্তর। একই অবস্থা কুলুর রোটাং পাসে। ফলে মাঝপথেই আটকে পড়েছে মোটরবাইক, ট্রাক সহ এলাকাবাসী ও পর্যটকদের অনেকগুলি গাড়ি। সেনাবাহিনী অবশ্য বরফ কেটে রাস্তা সাফাইয়ের কাজ শুরু করেছে। কপ্টারে করে আটক যাত্রীদের উদ্ধার করছে বায়ুসেনা। আগামী ১০ অক্টোবর পর্যন্ত তুষারপাত চলবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। অসময়ে এরকম তুষারপাত তাড়াতাড়ি শীত আসার ইঙ্গিত বলেই আবহাওয়া দপ্তরের দাবি।