HNExpress নিজস্ব প্রতিনিধি, সোনারপুর : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল এক কর্মীর। আহত হয়েছেন ১৩ জন। রবিবার দুপুরে সোনারপুরের গোবিন্দপুরে একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। সোনাপুরের একটি গ্রাম গোবিন্দপুর। ঘনবসতি এলাকাতেই রমরমিয়ে চলছিল বাজি বানানোর কারবার। বেআইনিভাবে মজুত ছিল প্রচুর বাজি। রবিবার সেই কারখানায় হঠাত্ই আগুন লেগে যায়। কারখানার ভিতর দাহ্য বস্তু মজুত থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পরই ঘনবসতি এলাকায় বেআইনি বাজি কারখানার রমরমা কারবারে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুদ্ধ বাসিন্দারা। পুলিসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। আগুন লাগার ঘটনায় আটক করা হয়েছে ওই বাজি কারখানার মালিককে। বিস্ফোরণে কারখানার পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় ১৩ জন আহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে কারখানার ভিতরেই প্রাণ হারান দেবাশিস সর্দার নামে এক শ্রমিক। গুরুতর জখম হন বাকিরা। জখম ব্যক্তিরা বর্তমানে বারুইপুর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আহদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের ৪টি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
