সরকারি উদ্যোগে ধান সংগ্রহে প্রতিবেশী রাজ্যগুলির থেকে অনেক এগিয়ে বাংলা

কলকাতা জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রতিবেশী রাজ্যগুলির থেকে সরকারি উদ্যোগে ধান সংগ্রহের পরিকাঠামো ও পরিমাণের নিরিখে এগিয়ে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের ডাকা বৈঠকের রিপোর্ট থেকেই এটা পরিষ্কার।

চলতি খরিফ মরশুম শুরু হওয়ার পরেই কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক পশ্চিমবঙ্গ, বিহার, অসম, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে ধান সংগ্রহের প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক ডেকেছিল। খাদ্যমন্ত্রকের যুগ্মসচিবের সভাপতিত্বে হওয়া এই বৈঠকের বিস্তারিত রিপোর্টে দেখা যাচ্ছে, চাল সংগ্রহের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থা সব থেকে ভালো।

পশ্চিমবঙ্গ সম্পর্কে বলা হয়েছে, ধান সংগ্রহে এ রাজ্যে বিরাট সম্ভাবনা রয়েছে। তাই ২০১৬-১৭ খরিফ মরশুমে ৪০ লক্ষ টন ধান সংগ্রহ হলেও, ২০১৭-১৮ মরশুমে তা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। প্রসঙ্গত, চলতি খরিফ মরশুমে রাজ্য সরকার ৫২ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যামাত্রা ধার্য করেছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে সরকারি উদ্যোগে ধান সংগ্রহ ১৬ লক্ষ টন ছাড়িয়ে গিয়েছে

কেন্দ্রের রিপোর্টে দেখা যাচ্ছে, অন্তত ৩৭ লক্ষ টন ধান ওই রাজ্যকে কিনতে বলা হয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গত প্রায় পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে রেশনে ভিন রাজ্যের চাল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে।

উল্লেখ্য, ঝাড়খণ্ড সরকার ওই রাজ্যের রেশনে সরবরাহ করার জন্য পশ্চিমবঙ্গ থেকে চাল নিতে আগ্রহী। ঝাড়খণ্ড, তামিলনাড়ু ও কেরলে চাল সরবরাহ করুক এই রাজ্য, কেন্দ্র এটাই চাইছে।