HNExpress ওয়েব ডেক্স : মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেসের ৯টি কোচ লাইনচ্যুত। দুর্ঘটনায় এক শিশু সহ ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। আহত অন্তত ৫০ জন। আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। লাইনচ্যুত হওয়া দুমড়ে-মুচড়ে যাওয়া রেলের কামরায় বেশ কয়েকজন যাত্রীর আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় মানুষ এবং হরচন্দপুর স্টেশনের কর্মীরা উদ্ধার কাজে নেমেছেন। বুধবার সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটেছে রায়বেরিলির হরচন্দপুর স্টেশনের কাছে।
দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে উঠে আসছে সিগন্যাল সমস্যা এবং কুয়াশা। ট্রেনটি ফরাক্কা থেকে রায়বেরিলি হয়ে নয়া দিল্লি যাচ্ছিল। হরচন্দপুর স্টেশন ছেড়ে নিউ ফরাক্কা এক্সপ্রেস বেরোনোর সময় স্টেশন ৫০ মিটার দূর যাওয়ার পর ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিউ ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন সহ মোট ছটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলোর মধ্যে ইঞ্জিনও রয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চপদস্থ কর্তারা। পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম। লখনউ ও বারাণসী থেকে এনডিআরএফ টিম সেখানে পৌঁছেছে। রেলের তরফে বেশ কয়েকটি হেল্পলাইন খোলা হয়েছে। উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএম, এসপি এবং স্বাস্থ্য দপ্তরকে। পাশাপাশি দ্রুত উদ্ধারকাজ করার কথাও বলা হয়েছে। পাশাপাশি তিনি মৃত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
