রাস্তার কুকুরকে খাওয়ালেই গুনতে হতে পারে দু’হাজার টাকার জরিমানা

ওয়েব ডেস্ক কলকাতা

 ওয়েব ডেস্ক নিউজ :   অনেকেই রাস্তার কুকুরকে ভালবেসে খাওয়ান৷ কিন্তু এবার খাওয়ালেই গুনতে হতে পারে দু’হাজার টাকার অব্দি জরিমানা৷ এর আগে কলকাতায় এরকম ফরমান জারি হওয়ায় তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে৷কয়েক বছর আগে প্রেসিডেন্সিতেও ক্যাম্পাসে কুকুরের আনাগোনা নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছিলেন কর্তৃপক্ষ৷ তার বিরুদ্ধে প্রতিবাদ জানান পড়ুয়ারা৷ দায়ের হয় জনস্বার্থ মামলাও , যা এখন আদালতের বিচারাধীন৷ এবার কলকাতার অন্যতম নামী সরকারি কলেজ লেডি ব্রেবোর্ন -এ কুকুরকে খাওয়ানোর ব্যাপারে এমনটাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন , কলেজ চত্বরে কুকুরকে খাওয়ালে দু’হাজার টাকার জরিমানা দিতে হবে৷কলেজ সূত্রে জানা যাচ্ছে , কুকুরকে খাওয়ানোর জন্য ইতিমধ্যে দু’জনকে জরিমানা করাও হয়েছে৷কলেক কর্তৃপক্ষের বক্তব্য, ক্যাম্পাসে কুকুরের দৌরাত্ম্যে অনেকেই আতঙ্কিত৷ কেউ কামড় খেয়েছেন , কেউ পালাতে গিয়ে পা ভেঙেছেন৷ অনেকদিন ধরেই এনিয়ে বহু অভিযোগ জমা পরছে৷ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের দাবী৷যদিও কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ব্যাপারে কিছুই জানেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷তিনি বললেন, আমি আগে এসব কিছুই জানতাম না৷  আপনাদের কাছ থেকেই শুনছি৷ সাধারণত কুকুর নিয়ে সমস্যা হলে কলকাতা কর্পোরেশনেই জানানোর নিয়ম৷ তবে ওরা আমাদেরকেও জানাতে পারত৷কিন্তু কিছু না জানিয়ে কেন এমনটা করল জানিনা৷তবে খোঁজ নিয়ে দেখছি আসল কারণটা কি৷ এদিকে পশুপ্রেমীদের দাবি , এ ভাবে কুকুরকে খাওয়ানো রোখার চেষ্টা একেবারেই আইনবিরুদ্ধ৷ এতে পশু সুরক্ষা আইন এবং ভারতীয় নাগরিকদের অধিকার দুটোই লঙ্ঘন করা হচ্ছে বলে তাঁরা মনে করেন ।