HNExpress:নিজস্ব প্রতিনিধি:,কলকাতা: বিজেপি সরকারের নীতির প্রতিবাদে সোমবার কংগ্রেসের ডাকা ভারত বনধে সামিল হয়েছে বামেরাও। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধের ডাক দিয়েছে তারা। বনধের ইস্যুকে সমর্থন করলেও বাম-কংগ্রেসের ডাকা বনধে সামিল হয়নি তৃণমূল কংগ্রেস। উলটে বনধ ব্যর্থ করতে তত্পর হয়েছে সরকার। প্রতিবারের মত এবারও মানুষকে পথে নামতে উত্সাহিত করতে অতিরিক্ত বাস চালানোর কথা ঘোষণা করল পরিবহণ দফতর। নবান্ন সুত্রে জানা গেছে সোমবার জনজীবন স্বাভাবিক রাখতে অতিরিক্ত সরকারি বাস পথে নামানোর সিদ্ধান্ত হয়েছে। অতিরিক্ত ৪০০ সরকারি বাস পথে নামাবে ডাবলুবিটিসি। চলবে অতিরিক্ত ট্রামও। সেজন্য সোমবার সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। জেলাগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চলবে অতিরিক্ত দূরপাল্লার বাসও। সরকারি কর্মীরা অফিসে না-গেলে বেতন কাটা যাবে বলে নির্দেশিকা জারি হয়েছে। ইতিমধ্যে ছুটি বাতিল হয়েছে সমস্ত সরকারি পরিবহণকর্মীর। সমস্ত সরকারি দফতরে ১০০ শতাংশ হাজিরা থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে রাজ্য সরকার। বনধে দোকান খুলতে বাধা দিলে বা গাড়ি ভাঙচুর করলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। বনধে সাধারণ মানুষকে গাড়ি নিয়ে পথে বেরোতে বিমারও ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পথে বেরিয়ে গাড়ি ভাঙচুর হলে মিলবে ৭৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন গাড়ির মালিক। তবে সেক্ষেত্রে ডায়েরি করতে হবে ১২ ঘণ্টার মধ্যে। প্রতিবারের মত এবারও বিরোধীদের বনধকে ব্যর্থ করতে সবরকম প্রচেষ্টা করছে মমতার সরকার।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
