যুব অলিম্পিকে বাঙালি কন্যার রুপো জয়

খেলাধুলো দেশ

HNExpress ওয়েব ডেস্ক : যুব অলিম্পিকে এয়ার রাইফেল ইভেন্টে রুপো জিতলেন মেহুলি ঘোষ। প্রথম ভারতীয় হিসেবে যুব অলিম্পিকে ব্যক্তিগত সোনা জয়ের নজির গড়ে ইতিহাসে নাম তুলে রাখতে পারতেন হুগলির বৈদ্যবাটির মেহুলি ঘোষ। কিন্তু বাঙালি কন্যার সেই সোনা জেতার সুযোগ বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত যুব অলিম্পিকে হাতছাড়া হয়ে গেল। সোমবার ফাইনাল রাউন্ডে যখন তিনি শেষ শুটে যাচ্ছেন তখন, সোনা প্রায় হাতের মুঠোয়(০.৬ পয়েন্টে এগিয়ে)। একটা সময় চার নম্বরে নেমে গিয়েছিলেন মেহুলি।  সেখান থেকে চলে এসেছিলেন সোনা জয়ের একেবারে কাছাকাছি। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। শেষ শুটে মাত্র ৯.১ পয়েন্ট স্কোর করে যুব অলিম্পিকে সোনা হাতছাড়া করলেন। ২৪৮ পয়েন্ট স্কোর করলেন তিনি। সোনা জিতলেন ডেনমার্কের স্টেফানি গ্রুন্ডসোয়ি (২৪৮.৭ পয়েন্ট)। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসেও একটুর জন্য সোনা হাতছাড়া করেছিলেন এই বাঙালি কন্যা। সোনা হাতছাড়া হলেও মেহুলির জন্য গর্বিত তাঁর কোচ জয়দীপ কর্মকার। ফোনে বলছিলেন, ” মহালয়ার দিন সকালে চণ্ডীপাঠ শুনে ঘুম ভেঙেছিল। রাতে এক বাঙালি মেয়ের বিশ্বজয়ে চমকে উঠলাম। এভাবেই দেবীপক্ষ শুরু। মেহুলি যা করে দেখাল তা এর আগে কেউ করেনি। মেহুলির জন্য গর্বিত।”