‘মাসে’র উদ্যোগে গঠিত হল বিকল্প রক্তরক্ষী বাহিনী

কলকাতা শরীর-স্বাস্থ্য

অলোক আচার্য, মধ্যমগ্রাম : উত্তর ২৪ পরগনা জেলার বহুমুখী সামাজিক সংগঠন মধ্যমগ্রাম অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল সার্ভিস বা সংক্ষেপে ‘মাসে’র উদ্যোগে রবিবার ২৯শে এপ্রিল সকালে মধ্যমগ্রাম উচ্চ বালক বিদ্যালয়ের সামনে রবীন্দ্র স্মারক মঞ্চে মূমুর্ষু মানুষকে আপৎকালীন ভিত্তিতে রক্ত দেওয়ার জন্য গঠন করা হল বিকল্প রক্তরক্ষী বাহিনী। স্বাগত ভাষণে ‘মাসে’র সম্পাদক অনির্বাণ চৌধুরী বলেন, বর্তমানে গ্রীষ্মের দাবদাহে ব্লাড ব্যাঙ্কগুলিতে চলছে রক্ত সংকট। রক্তের কার্ড নিয়ে গিয়েও মিলছে না নির্দিষ্ট গ্রুপের রক্ত। এই সমস্ত মূমুর্ষু মানুষদের আপৎকালীন ভিত্তিতে রক্ত দেওয়ার জন্যই মূলত গঠন করা হয় এই রক্তরক্ষী বাহিনী। এর সাথে সাথেই সম্পূর্ণ বিনামূল্যে মূমুর্ষু রোগীদের রক্ত দানের অঙ্গীকার করে চালু করা করা হয়েছে অনলাইন পোর্টাল। এই পোর্টালে থাকবে সম্ভাব্য রক্তদাতাদের নাম, রক্তের গ্রুপ, ঠিকানা, ফোন নং, ইমেল অ্যাড্রেস ইত্যাদি আনুষঙ্গিক তথ্য। যাদের যখনই রক্তের প্রয়োজন হবে, তারা যদি তখন https://rovercliff.com নামের ওয়েব পোর্টালে চোখ রাখেন, রক্তদাতাদের হদিশ তারা সেখানেই পেয়ে যাবেন বিনা বাধায়। অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই প্রয়াসকে সুদূরপ্রসারী করতে এদিন মূল্যবান বক্তব্য তুলে ধরেন, আই.এম.এ বঙ্গীয় রাজ্য সভাপতি ডা. তপন কুমার বিশ্বাস, প্রাক্তন সভাপতি ডা. চন্দন চ্যাটার্জি, ডা. পঙ্কজ কুমার অধিকারী, ডা. হিমাংশু কুমার নাহা, শিক্ষাবিদ্ ডা. নিমাই বিশ্বাস, বাচিকশিল্পী মুকুল দেব ঠাকুর, শ্যামলকৃষ্ণ সরকার, সুব্রত ঘোষ, সুব্রত রায়, সংগঠনের সভাপতি অসিত পাইক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ‘মাস’ এর সকল সহকর্মী তথা সহযোদ্ধারা। অনুষ্ঠানকে সফল করে তুলতে বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন বাগধারা, পরশ, মীরহাটি উৎসর্গ, বরং ও নবীন সংঘ। এদিন রক্তরক্ষী বাহিনীতে ৫০ জনের উপর রক্তদাতা স্ব-ইচ্ছায় তাদের নাম নথিভুক্ত করেন। সংগঠনের মহিলা সদস্যদের সহযোগীতা ও আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো।