বিশড়পাড়া যুব সমাজ আয়োজিত ছোটদের ফুটবলে চ্যাম্পিয়ন শিখরপুর আদর্শ শক্তি সংঘ

খেলাধুলো

অলোক আচার্য, নববারাকপুর : বিশড়পাড়া যুব সমাজ আয়োজিত ৯৫ পয়েন্টের আমন্ত্রণমূলক ৮ দলের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রাজারহাট শিখরপুর আদর্শ শক্তি সংঘ।রবিবার বিকেলে যুব সমাজের নিজস্ব সংঘ ময়দানে নবনগর ফুটবল একাডেমী এবং শিখরপুর আদর্শ শক্তি সংঘ ফাইনালে মুখোমুখি হয়। খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। ট্রাইব্রেকারে টানটান উত্তেজনার মধ্যে দিয়েও দুটি দলই সমানভাবে গোল করে। শেষে রেফারিদের টসে জিতে চ্যাম্পিয়ন হয় শিখরপুর আদর্শ শক্তি সংঘ এবং রানার্স হয় নবনগর ফুটবল একাডেমী। চ্যাম্পিয়ন দল পায় বিশড়পাড়া যুব সমাজ স্মৃতি চ্যালেঞ্জ সুদৃশ্য ট্রফি ও নগদ আর্থিক পুরস্কার এবং রানার্স দল পায় প্রয়াত সুনীতিবালা পোদ্দার স্মৃতি সুদৃশ্য ট্রফি ও নগদ আর্থিক পুরস্কার। বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন যুব সমাজের সম্পাদক তথা উত্তর দমদম পৌরসভার পুরপারিষদ সদস্য দেবাশিস ঘোষ এবং গৌরাঙ্গ পোদ্দার। প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সুমন দে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সমীর আলম। বেস্ট গোলকিপার রাজা গায়েন। পুরস্কার তুলে দেন যুব সমাজের সভাপতি সাধন ঘোষ, প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় হাজরা। এছাড়াও এদিন বিশিষ্ট ক্রীড়াবিদ্ মানস গাঙ্গুলিকে বিশেষ ভাবে সম্বর্ধিত করা হয়। এদিন সকালে গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনে সংঘ গৃহে ৩৫ জন রক্ত দান করেন। খেলা চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন অতীত দিনের ফুটবলার সুদীপ মিত্র, দীপক গাইন প্রমুখ। খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।