HNExpress নিজস্ব প্রতিনিধি : প্রথমবার বাংলা ছবিতে দেখা যাবে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা সঞ্জয় মিশ্রাকে ৷ অসাধ্য সাধন করেছেন পরিচালক পৃথা চক্রবর্তী ৷ তাঁর পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি ‘ফেরা’। প্রযোজনায় প্রদীপ কুমার নন্দী। সঞ্জয় মিশ্রার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার। সঙ্গীত পরিচালনায় অনিন্দ্য চট্টোপাধ্যায়। দক্ষ অভিনেতা এবং হৃদয়স্পর্শী কাহিনির মিশেলে ‘ফেরা’ হতে চলেছে এক গভীর আবেগপ্রবণ ও মননশীল সিনেমাটিক জার্নি এমনটাই দাবি নির্মাতাদের।
জীবনের প্রথম বাংলা ছবি নিয়ে সঞ্জয় মিশ্র বলেন, “বাংলা একটা মধুর ভাষা ৷ এই বাংলার মাটিতেই জন্ম নিয়েছেন সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের মতো পরিচালকেরা। নন্দী মুভিজ এবং পৃথা চক্রবর্তীর সঙ্গে কাজ করে আমি সমৃদ্ধ হলাম। এই ইন্ডাস্ট্রির আরও প্রতিভাদের সঙ্গে আমি কাজ করতে চাই আগামী দিনে। আমি আশাবাদী এই ছবির গল্প সকলের ভালো লাগবে।”
ছবি প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী বলেন, “ফেরা ছবির অংশ হতে পেরে আমি ভীষণ উৎসাহিত। পৃথা যেভাবে ভাবেন এবং তাঁর গল্পগুলোকে পর্দায় তুলে ধরেন — সেই সংবেদনশীলতা আর তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির আমি সবসময়ই প্রশংসা করেছি। কিংবদন্তি অভিনেতা সঞ্জয় মিশ্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার কাছে এক বিরাট সম্মানের বিষয়, আমি ভীষণভাবে মুখিয়ে আছি।”
সোহিনী সরকারের কথায়, “ফেরায় আমার চরিত্রটি যদিও সংক্ষিপ্ত, তবে গল্পের প্রেক্ষিতে এর গভীর প্রভাব রয়েছে। অনেক সময় চরিত্রের দৈর্ঘের চেয়ে প্রভাবটাই বড় হয়ে ওঠে। এই সিনেমাটির অংশ হতে পেরে আমি খুবই খুশি।”

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
