ধর্ষণের প্রতিবাদে বারাসাতের রাজপথে মৌন মিছিল

কলকাতা জেলা

সুদীপ্ত ঘোষ, বারাসাত : বর্তমানে দেশের বিভিন্ন রাজ্য, জেলা, শহর ও গ্রাম জুরে হয়ে চলছে গণ ধর্ষণ, নারী নির্যাতন, বধূ হত্যা ও খুনের মত ক্ষমার অযোগ্য অপরাধ। সম্প্রতি ৮ বছরের আসিফা ও ৬ মাসের প্রিয়াংকার মত সরল নিষ্পাপ শিশুও আজ ধর্ষণের মত ঘৃণ্য মানসিকতার শিকার। আর এই ঘৃণ্য অপরাধের প্রতিবাদেই ‘গোটা দেশ দিচ্ছে ডাক, ধর্ষণ নিপাত যাক’ শ্লোগানে সোচ্চার হয়ে গতকাল, ২২শে এপ্রিল উওর ২৪ পরগণা জেলার বারাসাতের রাজপথে এক মৌন মিছিলের আয়োজন করা হয় ন্যাশনাল হিউম্যান রাইটস এর স্বতঃস্ফূর্ত উদ্যোগে। বারাসাতের লালী সিনেমা সম্মুখ থেকে রাজপথ ধরে বিভিন্ন শ্লোগান লিখিত প্ল্যাকার্ড হাতে শুরু হয়ে তাদের ধিক্কার মেশানো নিরব মৌন মিছিল। তারপর বারাসাতের ডাকবাংলো মোড় হয়ে চাঁপাডালি বাসস্ট্যান্ড পর্যন্ত চলে এই প্রতিবাদী মিছিল। এদিন বারাসাত সহ রাজ্যের বিভিন্ন জেলার শুভবুদ্ধি সম্পন্ন ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ পা মেলালেন এই মিছিলে। মিছিলে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ন্যাশনাল হিউম্যান রাইটস এর রাজ্য সভাপতি ইমরান আলি শাহ, বারাসাতের বিশিষ্ট সমাজসেবক শ্যামল কৃষ্ণ সরকার, বীরভূমের বিশিষ্ট ব্যাক্তিত্ব নূরুল ইসলাম, দিল্লী নিবাসী স্বপন আইচ, ইন্টারন্যাশনাল ব্লিসের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবিকা মহুয়া ভদ্র। উপস্থিত ছিলেন শেখ সাজিদ হুসেন, উকিল আহমেদ, দিলীপ দাস, সুখেন্দু রায়, ইমতিরাজ হুসেন প্রমুখ। সুত্রের খবর, এদিন মিছিলে প্রায় এক হাজার মত সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। সাথে এই মিছিলে সঙ্গ দিয়েছেন নির্যাতিতা ও ধর্ষিতা বহু নারী। উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী, এই আন্দোলনের মূল উদ্দেশ্যই হল ধর্ষণগ্রস্থ শিশু ও নির্যাতিতা এবং ধর্ষিতা নারীর আইনি সুবিচার ও সমাজের এই দুরারোগ্য ব্যাধি দমনের জন্য সরকারের কাছে কঠোর শাস্তিমূলক আইনের দাবী।