দুর্ঘটনা-বিপর্যয়ে উদ্ধারে এখন থেকে পাশে থাকছে ‘আপদ মিত্র’

ওয়েব ডেস্ক

ওয়েবডেস্ক নিউজ  : এবার অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তর অঞ্চল ভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরী করার পরিকল্পনা নিয়েছে। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘আপদ মিত্র’। প্রাথমিক ভাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় পাইলট প্রোজেক্ট হিসেবে আপদ মিত্র প্রকল্প শুরু করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তর আপাতত ২০০ জন করে স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে এই দুই জেলায়।অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক শীর্ষ অধিকর্তার মতে, সব থেকে কম সময়ের মধ্যে উদ্ধারকাজ শুরু করে মৃত্যুর হার বা ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা সম্ভব কম করা যায় তাঁর জন্যই অঞ্চলভিত্তিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব বললেন, আমাদের এই প্রকল্প সফল হলে আগামী দিনে রাজ্যের প্রতি জেলাতেই ‘আপদ মিত্র’ তৈরী করা হবে।অঞ্চলভিত্তিক প্রাকৃতিক বিপর্যয়ের প্রকারভেদে এবার অঞ্চলভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বিপর্যয় স্বেচ্ছাসেবক বাহিনী স্বেচ্ছাসেবক তৈরী করছে। এই দপ্তরের এক শীর্ষ আধিকারিক বললেন, বিপর্যয়ের প্রকৃতি ভেদে পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করলে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে অনেকখানি।প্রসঙ্গত, প্রত্যেক বছরই সিভিল ডিফেন্সে ২০ থেকে ২৫ হাজার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ নিয়ে থাকে।