দীপাবলীর আগেই ভয়ংকর আকার নিল রাজধানীর দূষণ

দেশ

HNExpress ওয়েব ডেস্ক :  গত বছর দীপাবলীর সময়ে দিল্লিতে দূষণের মাত্রা আকাশ ছুঁয়েছিল। এবার দীপাবলীর আগেই ভয়ংকর আকার নিল দিল্লির দূষণ। জানা গিয়েছে, শুক্রবার সকালে দিল্লির বিভিন্ন জায়গায় দম বন্ধকরা অবস্থায় ঘুম ভাঙে সাধারণ মানুষের। সকালের কুয়াশা ও দূষণের ফলে সৃষ্টি হওয়া ধোঁয়াশা দিল্লির আকাশ ঝাপসা হয়ে ওঠে। শুক্রবার সকালে দিল্লির পাঞ্জাবীবাগ এলাকায় বাতাসে ধূলিকণার মাত্রা ছিল ৪২৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাভাবিক মাত্রা ৬০। ফলে এলাকার মানুষ শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন। শহরের আরকে পুরম, সিরি ফোর্ট, জওহরলাল নেহরু স্টেডিয়াম, মন্দির মার্গের বিভিন্ন জায়গায় বাতাসে ধূলিকণার মাত্রা ছিল ২০০-৩৩০। বৃহস্পতিবার দিল্লির বাতাসে ধূলিকণার মাত্রা ছিল ৩৩১ যা বেশ বিপজ্জনক। সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং রিসার্চ বা সাফার-এর পরামর্শ, মুখোশ পরে বাইরে বের হোন  প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই দিল্লির বাতাসে ধূলিকণার মাত্রা দ্রুত বেড়ে চলেছে। এর সঙ্গে যোগ হয়েছে পাঞ্জাবে চাষীদের জমিতে খড় পোড়ানো।