ওয়েবডেস্ক নিউজ : ত্রিকোণ প্রেমের জেরে চলল গুলি। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ওই যুবককে পিষে মারতে তাঁর দেহের ওপর দিয়ে গাড়ি চালানোরও অভিযোগ উঠেছে। তবে অল্পের জন্য সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে রক্ষে পেয়েছে ওই যুবক। আঘাত লেগেছে পায়ে। আহত যুবককে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে। অভিযুক্ত যুবক ও ওই তরুণীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার লাউদোহার মাধাইপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম পবন সিং। বাড়ি, বর্ধমানের পান্ডবেশ্বরে। জেরায় পুলিশকে ওই যুবক জানিয়েছে, মাধাইপুরের এক তরুণীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। সম্প্রতি তাঁদের সম্পর্কের মাঝে ঢুকে পড়ে রামেশ্বর মণ্ডল নামে এক যুবক। রামেশ্বরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও হয়। এই নিয়ে গোলমালের জেরেই ওই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার রাত ১১টা নাগাদ অভিযুক্ত যুবক পবন ওই তরুণীর বাড়িতে আসে। বাড়ির সামনে তরুণীর সঙ্গে রামেশ্বরকে দেখে উত্তেজিত হয়ে পড়ে সে। দু’জনের মধ্যে কথা কাটাকাটির মাঝেই রামেশ্বরকে লক্ষ্য করে পবন গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অভিযোগ, তখন রামেশ্বরকে পিষে মারতে তার দেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করে পবন। তবে অল্পের জন্য রক্ষা পায় সে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে এখনো চিকিৎসাধীন। চিকিত্সকেরা জানিয়েছেন, ডান পায়ের আঘাত গুরুতর। অন্যদিকে ওই তরুণী ও পবনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
