তৃণমূলের অন্দরে রদবদল, শোভনের ক্ষমতা খর্ব, খোয়ালেন জেলা সভাপতির পদ

কলকাতা রাজ্য

HNExpress নিজস্ব প্রতিনিধি,কলকাতা : তৃণমূল দলের অন্দরে বেশকিছু রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন কলকাতা মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ক্ষমতা খর্ব হলো তেমনি অন্যদিকে শুভেন্দু অধিকারীর পদোন্নতি ঘটলো। তৃণমূল ভবনে অনুষ্ঠিত হয় তৃণমূলের কোর কমিটির বৈঠক। সেই বৈঠকেই দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল শোভন চট্টোপাধ্যায়কে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে স্থির হয় যে, দক্ষিণ ২৪ পরগনা জেলার নতুন সভাপতি হবেন শুভাশিষ চক্রবর্তী আর পর্যবেক্ষকের দায়িত্ব পেলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সভাপতির পদ থেকে সরিয়ে শোভন চট্টোপাধ্যায়কে করা হল পর্যবেক্ষক। এরফলে শোভন চট্টোপাধ্যায়ের ক্ষমতা খর্ব হল ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়েছে।

এদিকে শোভন চট্টোপাধ্যায়ের ক্ষমতা খর্ব হলেও কমিটির বৈঠকে দায়িত্ব বেড়েছে শুভেন্দু অধিকারীর। জেলা পর্যবেক্ষকের দায়িত্বে ফিরহাদ হাকিমকে সহযোগিতা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দলীয় স্তরে আরও একটি বদল ঘটিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকের পর দায়িত্ব বাড়ল শুভেন্দু অধিকারীর। নদীয়া জেলার পর্যবেক্ষকের দায়িত্বে আছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই নদীয়া জেলার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বাড়তি দ্বায়িত্বও দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। তৃণমূল ও যুব তৃণমূলের দ্বন্দ্বের ফলে কোচবিহার জেলার বাড়তি দায়িত্ব দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শোভন চট্টোপাধ্যায় ক্ষমতা খর্ব হওয়ায় সাধারণত রাজনৈতিক মহল মনে করছে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে এমনিতেই ব্যাকফুটে রয়েছেন। যদিও এই বিতর্ক প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।