টেট নিয়ে জটিলতা, নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের

কলকাতা জেলা রাজ্য

HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ২০১৫ টেট নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হল। প্রশ্ন ভুল সংক্রান্ত মামলাকারীদের অভিযোগকেই শেষ পর্যন্ত স্বীকৃতি দিল হাইকোর্ট। আদালত জানিয়ে দিয়েছে মামলাকারীরা যে প্রশ্নগুলিতে আপত্তি জানিয়েছিল, তার মধ্যে ১১ টি প্রশ্নের উত্তর আংশিক বা সম্পূর্ণরূপে ভুল। মামলার দীর্ঘ শুনানির পর ২১ জুন আদালত বিশ্বভারতীর উপাচার্যকে দায়িত্ব দেন প্রশ্নোত্তর খতিয়ে দেখতে। বিশ্বভারতীর উপাচার্যকে কমিটি গড়ে, কোনটা ঠিক উত্তর, আর কোনটি ভুল, তা রিপোর্ট আকারে জমা দিতে নির্দেশ দেন। এরপর ওই ১১ টি প্রশ্নের ‘ভুল’ স্বীকৃতি দেয় কলকাতা হাইকোর্ট।  ১৯ সেপ্টেম্বর রিপোর্ট খতিয়ে দেখার পর হাইকোর্ট বুধবার জানিয়ে দেয়,  ২০১৫ সালের প্রাইমারি টেটে ওই ১১ টি প্রশ্নের উত্তর দিলে পুরো নম্বর দিতে হবে এবং নতুন করে তালিকা প্রকাশ করতে হবে। টেটে পাশ করলে দিতে হবে চাকরি। হাইকোর্টের এই রায়ে চরম অস্বস্তিতে পড়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ২০১৪ সালের টেট পরীক্ষা হয়েছিল ২০১৫-তে। পরীক্ষায় বসেছিলেন প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী। সেই পরীক্ষার মেধাতালিকাও ইতিমধ্যেই প্রকাশ করেছে শিক্ষা দপ্তর।