চালু হল মধ্যমগ্রাম থেকে দীঘা বাসরুট

কলকাতা জেলা ব্যবসা-বাণিজ্য

HNExpress অলোক আচার্য, মধ্যমগ্রাম : বারাসতের সাংসদ ডা. কাকলি ঘোষ দস্তিদার ও মধ্যমগ্রামের বিধায়ক তথা পৌরপ্রধান রথীন ঘোষের হাত ধরে এলাকায় উন্নয়নের নতুন পালক সংযোজন হল মধ্যমগ্রাম থেকে দীঘা পর্যন্ত সরকারী বাসরুট।

মঙ্গলবার বিকেলে মধ্যমগ্রাম পৌরসভার সামনে থেকে দীঘাগামী বাসরুটটির আনুষ্ঠানিক উদ্বোধন হল। মধ্যমগ্রাম শহরের দীর্ঘ দিনের দাবি বাস্তবায়িত হল আজ। রাজ্য সরকারের পরিবহণ দপ্তরের ঐকান্তিক প্রচেষ্টায় পুরসভা লাগোয়া সিটিসি বাসস্ট্যান্ডের সামনে থেকে প্রতিদিন সকালে ৭টা ৩০ মিনিটে এই নন-এসি বাসটি ছাড়বে। বাসটি সোদপুর, ডানলপ হয়ে নন্দকুমার দিয়ে কাঁথি হয়ে দীঘায় পৌঁছবে। মাথাপিছু ধার্য করা হয়েছে ১৫৯ টাকা। মঞ্চে উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রচপাল সিং সহ জেলা পরিবহণ দপ্তরের আধিকারিকরা এবং মধ্যমগ্রামের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।

বিধায়ক রথীন ঘোষ বলেন, মধ্যমগ্রামের সার্বিক উন্নয়নে নতুন সংযোজন হল এই দীঘাগামী বাসরুট। এলাকার উন্নয়নে পৌরসভা এবং স্থানীয় সাংসদ সর্বতোভাবে সাহায্য করে চলেছেন। নতুন এই বাস উদ্ধোধনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।