চলে গেলেন কীংবদন্তী চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন

কলকাতা বিনোদন

HNExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রয়াত কীংবদন্তী চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে একটা যুগের অবসান হল বলে মনে করছেন অনেকে।

মৃণাল সেনের জন্ম তদানীন্তন পূর্ববঙ্গের ফরিদপুরে ১৯২৩ সালে। কলকাতায় আসেন ছাত্র হিসেবে। পদার্থবিদ্যার ছাত্র মৃণাল সেনের পরিচালক জীবন শুরু হয় ১৯৫৫ সালে ‘রাত ভোরে’ ছবিটি দিয়ে। তবে তাঁক স্বতন্ত্র হিসেবে চিহ্নিত করে ১৯৬০ সালের ‘বাইশে শ্রাবণ’ ছবিটিই। সত্যজিত্ রায়, ঋত্বিক ঘটকের সমসাময়িক এই প্রবাদপ্রতীম পরিচালকের সৃষ্টি মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। পদ্মভূষণ সম্মানেও সম্মানিত হয়েছিলেন তিনি। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। ভুবন সোম, কোরাস, মৃগয়া ও অকালের সন্ধানে-সহ ১৬টি ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর অন্যান্য অসামান্য সৃষ্টি, খারিজ, কলকাতা ৭১, পুনশ্চ, বাইশে শ্রাবণ, একদিন প্রতিদিন, পদাতিক। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অগণিত পুরস্কার ও সম্মান পেয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রে ইন্দ্রপতন ঘটল বলা যায়।