চলন্ত মেট্রোয় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, ধৃত ১০

কলকাতা

HNExpress নিজস্ব প্রতিনিধি,কলকাতা : চলন্ত মেট্রোয় এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার মহানায়ক উত্তমকুমার মেট্রো থেকে ১০ যুবককে গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানার পুলিশ। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বছর ২৪-এর ওই তরুণী পুজোর বাজার করে এসপ্লানেড স্টেশন থেকে মেট্রোতে ওঠেন। তরুণীর অভিযোগ, বেশ কয়েকজন যুবক চলন্ত মেট্রোতে তাঁর সঙ্গে অশালীন আচরণ করে। ওই তরুণী বিরক্তি প্রকাশ করলেও যুবকেরা থামেনি। ট্রেন টালিগঞ্জ মেট্রো স্টেশনে ঢোকার আগে ওই যুবকদের মধ্যে একজনকে সপাটে গালে চড় মারেন ওই তরুণী। এই নিয়ে শুরু হয় বচসা। এমনকি টালিগঞ্জ স্টেশনে ওই তরুণী নামলে তাঁর সঙ্গে ওই যুবকের দলও নেমে পড়ে স্টেশনে। এক মহিলা আরপিএফ সাব ইনস্পেক্টরকে গোটা বিষয়টি জানানো হলে তাঁরা এসে তরুণীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত যুবকদের স্টেশন সুপারের ঘরে নিয়ে যাওয়া হয়। পুলিশে খবর দেওয়া হলে ওই তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবকদের গ্রেফতার করা হয়। এদিনের ঘটনায় অভিযুক্তদের বয়স ২২ থেকে ২৬ বছরের মধ্যে। প্রত্যেকেই বারুইপুর এলাকার বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, যুবতীর বাড়ি হুগলির কোন্নগরে। পুজোর বাজার করে টালিগঞ্জ যাচ্ছিলেন একটি কাজে।  ধৃতদের বুধবার আলিপুর আদালতে তোলা হবে।