ঘূর্ণিঝড় গাজার তাণ্ডবে লণ্ডভণ্ড তামিলনাড়ু

দেশ

HNExpress ওয়েব ডেস্ক : শুক্রবার ভোরে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে ভোররাতে ঘণ্টায় ১২০ কিমি গতিবেগে আছড়ে পড়ে গাজা। উপড়ে পড়েছে প্রচুর বিদ্যুতের খুঁটি ও গাছ। শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। ইতিমধ্যেই এই ঝড়ে নাগাপত্তনম ও তিরুভারুরে প্রাণ গিয়েছে ৬ জনের। প্রবল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর উপকূলবর্তী শহর কুড্ডালোর, নাগাপত্তনম, থোণ্ডি ও পাম্বান এবং কারাইক্কাল ও পুদুচেরিতে।

বন্ধ রাখা হয়েছে পালানি মন্দিরের রোপ কার। গাছের তলায় গাড়ি পার্ক না-করার জন্য অনুরোধ করা হয়েছে। গাছ ও দুর্বল ইলেকট্রিক ও টেলিফোনের খুঁটির আশপাশে না-থাকতে বলা হয়েছে। দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৫ জনের। বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। নিরাপদ স্থানে সরানো হয়েছে প্রায় ৭৭ হাজার মানুষকে। নাগাপত্তনমে প্রায় ৫০০০টি, তিরুভারুরে ৪০০০টি ও তাঞ্জাভুরে ৪০০০ বিদ্যুতের খুঁটি নষ্ট হয়েছে। বিদ্যুত্‍‌ ব্যবস্থা স্বাভাবিক করতে ২ দিন লেগে যাবে বলে মনে করা হচ্ছে। কেরালাতেও এর প্রভাব পড়েছে ।