পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ এক আদিবাসী যুবতিকে গণধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ। গতরাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার দেহাবন্দ এলাকায়। নির্যাতিতাকে রাতেই রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।
হাসপাতাল সূত্রে খবর, উত্তর দিনাজপুরের ইটাহার থানা এলাকায় একটি মেলা চলছিল। সেই মেলাতে ওই যুবতি গিয়েছিলেন। মেলা থেকে খানিকটা দূরে (দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানা এলাকা) কয়েকজন যুবক তাঁকে একটি ব্রিজের নিচে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। পরে যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। যুবতির চিৎকারে এলাকার বাসিন্দারা আসে। ব্রিজের নিচ থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগামী বুধবার জেলা সফরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ঘটনাকে ধামাচাপা দেওয়ার সবরকম চেষ্টা করছে পুলিশ। পুলিশ-প্রশাসনের কেউ বিষয়টি নিয়ে মুখ খুলছে না। হাসপাতাল সূত্রে খবর অস্ত্রোপচারের পর থেকে ওই যুবতির জ্ঞান ফেরেনি।
এদিকে যুবতির যৌনাঙ্গে রড নয় হাত ঢুকিয়ে অঙ্গপ্রত্যঙ্গ বের করে আনা হয় বলে দাবি স্থানীয় আদিবাসী সমাজ ও লোকশিল্পী কল্যাণ মঞ্চের সভাপতি বুধন হেমব্রমের। তিনি আরও বলেন, “আমরা অভিযুক্তদের শাস্তি চাইছি। প্রশাসন দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করুক। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
