কিভাবে তৈরি হচ্ছে নকল নলেন গুড়, জেনে নিন

জেলা

HNExpress নিজস্ব প্রতিনিধি, নদীয়া : বাঙালীদের শীতকাল মানেই নানা ধরনের পিঠে, পুলি ও পায়েস। এই সব মিষ্টান্ন বানানোর জন্য দরকার নলেন গুড়। বাজারে গিয়ে ভাল দাম দিয়ে সবাই কিনছে নলেন গুড়। কিন্তু এই গুড় আসলে কী দিয়ে তৈরি হচ্ছে জানেন কী ?

নলেন গুড়ের জন্য বিখ্যাত কৃষ্ণগঞ্জের গুড় শুধু এই রাজ্যে নয়, বাংলাদেশেও জনপ্রিয়। বর্তমানে সেখানেও তৈরি হচ্ছে না খাঁটি গুড়। এই কথা স্বীকার করে নিচ্ছেন গুড় উৎপাদকরাই। বেশি লাভের আশায় খেজুর রসের সঙ্গে মেশানো হচ্ছে চিনি, চুন, ফটকিরির মতো উপাদান। যা দিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়।  গুড় উৎপাদকরা জানাচ্ছেন, বাজারে গুড়ের চাহিদা যথেষ্টই রয়েছে। কিন্তু খাঁটি খেজুর রস দিয়ে গুড় তৈরি করলেও তার দাম পাওয়া যাচ্ছে না।

কয়েকজন গুড় উৎপাদকের মতে, খেজুর গাছ কমে যাওয়ায় রসের জোগান কমেছে। খাঁটি গুড় তৈরি করতে গেলে নির্দিষ্ট তাপমাত্রা দীর্ঘক্ষণ ধরে খেজুর রস ফোটাতে হয়। যে পরিমাণ রস জাল দেওয়া হয়, সাধারণত তার অর্ধেক বা তার কম গুড় মেলে। তাই গুড়ের পরিমাণে বাড়ানোর জন্য রসে মেশানো হচ্ছে চিনি-সহ অন্যান্য উপাদান। অথচ খাঁটি নলেন গুড়ের মতো চিনি মেশানো ভেজাল গুড়ও ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারাও সেই ভেজাল গুড় কিনে নিয়ে যাচ্ছেন। এক গুড় উৎপাদক কথায় ‘‘খাঁটি রস দিয়ে গুড় তৈরি করলে তা কালো হয়ে যাচ্ছে। ক্রেতারা কিনতে চাইছেন না, ব্যবসায়ীরাও তাই দাম দিতে চান না। চিনি মেশানো গুড়ের রং ভাল হচ্ছে, বাজারে চলছেও ভাল।’’