হীরক মুখোপাধ্যায়, কলকাতা : রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন শর্ত পূরণ করতে না পারার জন্য বন্ধ হয়ে গিয়েছিল “দি প্রণবানন্দ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড বর্ধমান” ৷
১৮ বছর বন্ধ থাকার পর কলকাতা উচ্চ ন্যায়ালয়ের এক নির্দেশে এই মাসে পুনরায় খুলতে চলছে এই সংস্থা ৷
এই সংস্থার সদস্য সংখ্যা এক সময়ে পৌঁছে গিয়েছিল ২৫,০০০-এ ৷ তাঁরাই নিয়মিত অর্থ লগ্নী করতেন এই সংস্থায় ৷ এই সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবারই পথে বসে যায় ৷ তাদের জন্য কিছুটা স্বস্তির বাতাস এনে এই মাসেই আবার খুলতে চলেছে এই সংস্থা ৷
আজ কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই সংস্থার পুনর্জীবন সমিতির অধ্যক্ষ (চেয়ারম্যান) বেণীমাধব দে জানান, “১৯৮৫ সালে শুরু হয়েছিল দি প্রণবানন্দ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড বর্ধমান-এর পথচলা ৷
পরে বিভিন্ন কারণে ১৯৯৯ সালের ২৭ জুলাই বন্ধ হয়ে যায় এই সংস্থা ৷
বর্তমানে কলকাতা উচ্চ ন্যায়ালয়ের এক আদেশ বলে এই মাসেই আমরা সংস্থা আবার খুলতে চলেছি ৷”
সংস্থার তরফ থেকে সংস্থা নিযুক্ত আইনজীবী সাত্ত্বিক ভট্টাচার্য বলেন ” এই সংস্থা পুনরায় খোলার পর প্রায় ১ কোটি টাকা তার কিছু সদস্যদের ফেরতও দেবেন ৷
পরবর্তী পর্যায় সংস্থার সমস্ত সদস্যগণই এই সংস্থায় তাঁদের গচ্ছিত আমানত ফেরত পাবেন ৷”
প্রসঙ্গ ক্রমে বলে রাখা ভালো , রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ আইনবলে এই সংস্থা ব্যাঙ্ক তৈরীর প্রথম ধাপের দিকে এগিয়েছিল ; কিন্তু পরবর্তী পর্যায়ে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিত সমস্ত পদক্ষেপগুলো সুচারু ভাবে পালন না করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক এই সংস্থার সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার আদেশ দেয় ৷ পরবর্তী পর্যায়ে বিচারালয় রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্যকে সমর্থন করায় বন্ধ হয়ে যায় এই সংস্থা ৷

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
