শুভ্রাংশু সামন্ত :
হোলি হ্যায়। সকাল দশটার পরে রাস্তাজুড়ে বাঁদুরে রঙ বেলুনের দৌরাত্ম্য। আর একদল খুনে মেজাজী কচিকাঁচা। তারা নিজেরা ভূত হয়ে নৃত্য করবে। পথে যাদের পাবে তাদেরও রঙীন ভূত সাজিয়ে বিজয়ধ্বনি জানাবে, হোলি হ্যায়। একপ্রকার অদৃশ্য কার্ফু জারি থাকবে রাস্তাঘাটে। কার্ফুর কবলে পড়বেন সংসারের জরুরি অবস্থা সামলাতে বাজারমুখো নিরীহ মধ্যবিত্ত, এমন দিনেও শাটার তুলে খদ্দেরের আশায় বসে থাকা সাহসী দোকানদার, গোবেচারা প্রেমিক প্রেমিকা, টিউশনফেরত পড়ুয়া, অবলা কুকুর বিড়াল, পুরনো দেওয়াল, অসাবধানে বাইরে রাখা জামাকাপড় ইত্যাদি। বিজয়ধ্বনি চলছে, চলবে, হোলি হ্যায়।
কচি ও বুড়োদের দুষ্টামো থুড়ি ধ্যাষ্টামো শেষ হলে আসরে নামবেন বাড়ির মা মাসি দিদি পিসি এমনকি ঠাকুমা দিদারাও পিছিয়ে থাকবেন না। থাকা ভর্তি সন্দেশ মিষ্টি তো থাকবেই। সঙ্গে যার যার তার তার পছন্দমতো আব্দারও। কালো কালো বাঁদুরে ভূতেরা সাদা দাঁতে যেরকম দেঁতো হাসির ছর্র্রা ছোটায় সেই স্বর্গীয় দৃশ্য দেখলে আঁতকে উঠি গান্ধাররাজের একমাত্র কন্যার কথা ভেবে। একশো ভূতের একশো দাঁতের মাঝে তিনি কিভাবে সাপ্লাই আর ডিমাণ্ডের সাম্য বজায় রাখতেন তা তিনিই একমাত্র ভালো জানবেন।
কোথাও ‘হোলি’ ‘রঙ্গোলি’। কোথাও ‘দোলযাত্রা’ ‘দোলপূর্ণিমা’। আবার কোথাও ‘বসন্ত উৎসব’। রঙীন আবীরের গুঁড়ো মেখে ছবি ও ছায়া দুজনেই বেশ এলোকেশী। এই একটা দিনেই আমরা জাতি ধর্ম বর্ণ চুলোয় জ্বালিয়ে, মাথার পিছনে শানিয়ে রাখা যুক্তিতক্কোর খোশমেজাজে কয়েক কিলো কিম্ভূত কদাকার রঙ চাপিয়ে প্রত্যেক চৌমাথায় উল্লাসে জড়ো হতে পারি। হয়তো রাস্তায় অনেক জ্যাম-জট হচ্ছে। কয়েক মিনিটের পথ কয়েক ঘণ্টার হয়ে গিয়েছে। তা হোক। এই যে আমরা জড়ো হচ্ছি। এই যে একতন্ত্রে বিজয় নিশান উড়িয়ে স্লোগান তুলে বলছি “হোলি হ্যায়”। সারাবছর এটুকুই বা কতবার হয়।
পুরাণকথা বলে, হিরণ্যকশিপুর বোন হোলিকা এসেছিলেন হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদকে মারতে। প্রহ্লাদকে মারার বদলে হোলিকা ভুল করে নিজেই আগুনের কবলে পড়ে যান। মৃত্যুপথগামী হোলিকা ক্ষমা ভিক্ষা করেন প্রহ্লাদের কাছে। হোলিকার উদ্দেশ্যে প্রহ্লাদ বিধান দেন, এই দিনটি প্রতিবছর হোলিকা-র নামেই পালন করা হবে। আমরা নাম রেখেছি, হোলি। মৃত্যুপথগামী হোলিকার স্মরণে কিছু না জেনেই কাঠকুটো জড়ো করে পুড়িয়েছি দেদার। আকাশকে ছুঁয়ে থাকা আগুনের শিখার সাথে তাল মিলিয়ে গেয়েছি, “আজকে মোদের ন্যাড়াপোড়া কালকে মোদের দোল”। একবছরের রাগ অভিমান আগুনে জ্বালিয়ে প্রিয়জনকে ভালোবাসার আবীরে ডুবিয়ে দেওয়ার আরেক নাম হোলি।। হোলি হ্যায়।

![Samsung [CPS] IN](https://www.hnexpress.in/wp-content/uploads/2020/09/samsung_banner.jpg)
