নিউব্যারাকপুরে অভিলাষ মালো স্মৃতি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আগরপাড়া ফুটবল লাভার্স

জেলা

নিজস্ব প্রতিনিধি, নিউব্যারাকপুর : পৌরসভা ফুটবল একাডেমীর পরিচালনায় ১০০ পয়েন্টের অভিলাষ মালো স্মৃতি চ্যালেঞ্জ কাপ ৮ দলের ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে চ্যাম্পিয়ন হল আগরপাড়া ফুটবল লাভার্স। রবিবার বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে আগরপাড়া ফুটবল লাভার্স পরাজিত করে বসিরহাট জুনিয়র ফুটবল কোচিং সেন্টারকে, ১-০ গোলে। আগরপাড়ার পক্ষে অসাধারণ গোলটি করেন কমল পোদ্দার, তিনিই ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন পল্লব বসু। এছাড়াও পুরস্কার প্রাপ্ত খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তরুণ দে। তিনি তার দীর্ঘ ফুটবল জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এখনও গ্রামে গঞ্জে প্রতিভা লুকিয়ে আছে। বাংলায় এখনও কোনও ভালো ছেলে খেলতে পারছে না। তিনি বলেন যে, যাদের পেটে খিদে আছে, তারাই ফুটবলার হবে। পেটের তাগিদে যারা মাঠে সংগ্রাম করছে, তারাই প্রতিষ্ঠিত হবে। তিনি বাচ্চাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলেদের মাঠে পাঠান, ওরা মাঠমুখী হয়ে উঠুক। বিজয়ী ও বিজিত দলের হাতে অভিলাষ মালো স্মৃতি চ্যালেঞ্জ সুদৃশ্য ট্রফি তুলে দেন পৌরপ্রধান তৃপ্তি মজুমদার, উপপুরপ্রধান মিহির দে, রেনবো অ্যাথলেটিক ক্লাবের সভাপতি ও ক্রীড়া সংগঠক সুখেন মজুমদার। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় হাজরা, পার্থসারথি বসু, পৌরপিতা প্রবীর সাহা, ক্রীড়া সাংবাদিক পূর্ণেন্দু চক্রবর্তী, প্রয়াত অভিলাষ মালো-র বাবা বাবলু মালো প্রমুখ। উল্লেখ্য, নিউব্যারাকপুর পৌরসভা পরিচালিত ফুটবল কোচিং সেন্টারে খেলত অভিলাষ মালো। গত ২০০৬ সালে খেলা থেকে বাড়ি ফেরার পরে তার শ্বাসনালীতে ছোলা আটকে গিয়ে পরিবারের গাফিলতিতে তার মৃত্যু হয়। তার এই স্মৃতিকে ধরে রাখতে তার বাবা বাবলু মালো ছেলের উদ্দেশ্যে এই স্মৃতি চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টের আয়োজন করে প্রতি বছর। খেলাটি আগে ছিল ৯৫ পয়েন্টের, এখন তা বেড়ে হয়েছে ১০০ পয়েন্টের। নিউব্যারাকপুর পৌরসভা ফুটবল একাডেমীর পরিচালনায় অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। ঐদিন মাঠে উপস্থিত ছিলেন অতীত দিনের দিকপাল ফুটবলাররা। খেলা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে।