অভিভাবকদের বরফ-কর্পূর জল খাওয়াবে তৃণমূল

কলকাতা জেলা রাজ্য

সমীর দাস, কলকাতা : মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের টেনশন, ভয় ও রক্তের উচ্চচাপ স্বাভাবিক। উদ্বেগ নিয়ে বসে থাকা অভিভাবকদের এই দুর্ভাবনা কমাতে তাদের হাতে বরফ-কর্পূর মেশানো জল তুলে দেবে তৃণমূল, সঙ্গে হালকা কিছু খাবারও। বরফ করবে জল ঠাণ্ডা, আর কর্পূর করবে জল শোধন। আজ থেকে ২১ তারিখ পর্যন্ত পরীক্ষার সব কটা দিন পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকদের জন্য থাকছে এই ব্যবস্থা।

শুধু কলকাতা নয়, উত্তর-দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী-সহ প্রতিটি জেলায় প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের এই নিজস্ব সেবামূলক কর্মসূচী নিয়ে তৈরী তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর নজির এ রাজ্যে নতুন নয়। পড়ুয়াদের জন্য বিনামূল্যে অটোর ব্যবস্থা তো থাকছেই। থাকছে টোটোও। যেখানে যেখানে কর্পূর-বরফ জলের ব্যবস্থা থাকছে না, সেখানে থাকছে ঠাণ্ডা জল বা শরবতের ব্যবস্থা। পরীক্ষাকেন্দ্রের বাইরে একটি প্যান্ডেল খাটানো থাকবে। থাকবে বসে বিশ্রাম করার পর্যাপ্ত ব্যবস্থা। রাখা থাকবে পুরসভার জলের গাড়ি। সমস্ত কাজ সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্রতিটি বিধায়ক তাঁর বিধানসভাকেন্দ্রেই উপস্থিত থাকবেন।